নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার নেতৃত্বে আসছে পরিবর্তন। দেশের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। কেন্দ্রীয় সরকার তাঁকে ভারতীয় বায়ুসেনার ২৯তম ‘চিফ অফ দ্য এয়ার স্টাফ’ হিসেবে নিয়োগ করেছে। আগামী ৩১ অক্টোবর বিকেলে এয়ার চিফ মার্শাল পদমর্যাদায় দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ওই দিনই বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং অবসর নেবেন।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ পদে রয়েছেন আশুতোষ দীক্ষিত। ১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্ম তাঁর। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে কমিশন পান তিনি। প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে যুদ্ধবিমান চালানো থেকে শুরু করে বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই অভিজ্ঞ অফিসার।
মিরাজ-২০০০, মিগের বিভিন্ন সংস্করণ, জাগুয়ার, তেজস, হক, কিরণ, আইএল-৭৮-সহ একাধিক ধরনের বিমানে তাঁর উড়ানের অভিজ্ঞতা রয়েছে। মোট ৩,৫০০ ঘণ্টারও বেশি উড়ান অভিজ্ঞতার পাশাপাশি তিনি একজন এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর।
শুধু আকাশে নয়, একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানেও সক্রিয় ভূমিকা রয়েছে আশুতোষের। অপারেশন ‘সফেদ সাগর’, অপারেশন ‘রক্ষক’ এবং সাম্প্রতিক অপারেশন ‘সিঁদুর’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ‘কোপ ইন্ডিয়া’-র মতো গুরুত্বপূর্ণ মহড়াতেও তাঁর অংশগ্রহণ ছিল।
বায়ুসেনার ভাইস চিফ হওয়ার আগে তিনি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্য চেয়ারম্যান, চিফস অফ স্টাফ কমিটি এবং সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দীর্ঘ অভিজ্ঞতার পর এবার দেশের বায়ুসেনার সর্বোচ্চ দায়িত্ব উঠতে চলেছে তাঁর কাঁধে। ৩১ অক্টোবর অমর প্রীত সিংয়ের কার্যকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় বায়ুসেনার নতুন অধ্যায়ের সূচনা হবে আশুতোষ দীক্ষিতের নেতৃত্বে।














