প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ভ্রমণের নেশাই কি কাল হল? নেপালে হড়পা বানের পর নিখোঁজ খড়গপুরের স্বপন

Published on: August 28, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: ভ্রমণ ছিল তাঁর নেশা। চাকরির সময়ও সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন অজানা জায়গার উদ্দেশে। কখনও একা, কখনও পরিবারের সদস্যদের সঙ্গে। বছরখানেক আগে রেল থেকে অবসর নেওয়ার পর সেই ঘোরার নেশা আরও বেড়েছিল। কিন্তু এবার সেই ভ্রমণই পরিবারকে ফেলেছে গভীর উৎকণ্ঠায়।

নেপালে হড়পা বান ও পাহাড়ি এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে নিখোঁজ খড়গপুর শহরের প্রেমবাজার সোসাইটির বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী স্বপন সিনহা। বুধবার সকাল থেকে তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার তাঁর নাম নিখোঁজদের তালিকায় থাকার খবর সামনে আসতেই উদ্বেগ আরও বেড়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ আগস্ট কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন স্বপনবাবু। যাত্রার পর নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগও রাখছিলেন তিনি। মঙ্গলবার রাতেও স্ত্রী সোনালী সিনহার সঙ্গে ভিডিও কলে কথা হয় তাঁর।

সেই কথোপকথনই এখন পরিবারের কাছে শেষ স্মৃতি। রাত সাড়ে নটা নাগাদ ভিডিও কলে স্ত্রীকে নেপালের পাহাড়ি এলাকায় ধসের খবর জানিয়েছিলেন স্বপনবাবু। পাশাপাশি সেখানকার মোবাইল নেটওয়ার্কের সমস্যার কথাও জানান। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও যেন পরিবার চিন্তা না করে, সেই আশ্বাসও দিয়েছিলেন তিনি।

কিন্তু বুধবার সকালে নেপাল-ভারত সীমান্ত এলাকায় হড়পা বান ও বিপর্যয়ের খবরের পর থেকেই স্বপনবাবুর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফোনে চেষ্টা করেও আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে পরিবার।

পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে বৃহস্পতিবার সকালে। নিখোঁজদের তালিকায় স্বপন সিনহার নাম রয়েছে বলে জানতে পারে পরিবার। এরপর নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। স্বপনবাবুর পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দূতাবাসের আধিকারিকদের জানানো হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে।

স্বপন সিনহার স্ত্রী সোনালী সিনহা বলেন, “মঙ্গলবার রাত সাড়ে নটায় শেষ কথা হয়েছিল ভিডিও কলে। তারপর বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। এখন দূতাবাসের উপর ভরসা করা ছাড়া আর কোনও উপায় নেই। ভ্রমণ সংস্থার কাছ থেকেও কী খবর পাওয়া যায়, সেদিকেও তাকিয়ে রয়েছি।”

স্বপনবাবুর দাদা মিলন সিনহাও জানান, বুধবার থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করেও কোনও সাফল্য মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। ভাইয়ের যাবতীয় তথ্য সেখানে দেওয়া হয়েছে। কোনও সন্ধান পাওয়া গেলে জানানো হবে বলে দূতাবাসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

একসময় ভালো ফুটবল খেলতেন স্বপন সিনহা। অবসর জীবনে ভ্রমণই হয়ে উঠেছিল তাঁর অন্যতম প্রিয় সঙ্গী। সেই ভ্রমণের উদ্দেশ্যেই নেপালে গিয়ে এখন তিনি নিখোঁজ। প্রিয় মানুষটির কোনও খবরের আশায় এখন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে খড়গপুরের পরিবার। তাঁদের একটাই আশা দূতাবাস কিংবা ভ্রমণ সংস্থার তরফে দ্রুত স্বপনবাবুর কোনও সন্ধান মিলুক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now