নয়াদিল্লি: দীর্ঘ আইনি টানাপোড়েনের মাঝে বড় স্বস্তি পেলেন ২৬ হাজার নিয়োগ মামলায় ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত শিক্ষকরা। আপাতত তাঁদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত প্রায় ১৭ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকবে। সোমবার শীর্ষ আদালতের এই নির্দেশ সামনে আসতেই স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট শিক্ষক মহলে। এতদিন চাকরি থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আপাতত সেই আশঙ্কা কাটিয়ে আরও কয়েক মাস কর্মরত থাকার সুযোগ পেলেন তাঁরা।
তবে স্বস্তির পাশাপাশি রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের জন্য রয়েছে কড়া সময়সীমা। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, ৩১ মে ২০২৭-এর মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও কার্যত জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ একদিকে ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি আরও প্রায় ন’মাস বহাল, অন্যদিকে এই সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার দায়িত্ব রাজ্য ও এসএসসির। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা এবার কার্যত চূড়ান্ত বলেই স্পষ্ট হয়েছে।
২৬ হাজার নিয়োগ মামলাকে ঘিরে দীর্ঘদিন ধরে আদালত, রাজ্য সরকার, এসএসসি এবং চাকরিপ্রার্থীদের মধ্যে টানাপোড়েন চলছে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা। সেই পরিস্থিতিতে সোমবারের নির্দেশ মামলার পরবর্তী গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এখন বড় প্রশ্ন নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য ও এসএসসি কীভাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করে। কারণ শীর্ষ আদালতের বার্তা একেবারে পরিষ্কার ৩১ মে ২০২৭-এর পর আর সময় বাড়ানোর সুযোগ নেই।













