নিজস্ব প্রতিবেদন: দেশের কোটি কোটি মানুষের প্রতিদিনের ভরসা UPI-তে বড় পরিবর্তনের ইঙ্গিত। এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল লেনদেনের সুবিধা মিললেও, এবার নির্দিষ্ট অঙ্কের বেশি লেনদেনে MDR (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) বসানোর সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্র। যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও এই জল্পনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা।
আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী, ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে ০.৩ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত MDR ধার্য করা হতে পারে। তবে এই চার্জ সাধারণ গ্রাহকের ঘাড়ে চাপানো হবে না বলেই ইঙ্গিত মিলেছে। প্রস্তাব অনুযায়ী, বার্ষিক ১.৫ কোটি টাকার বেশি ডিজিটাল লেনদেন করা বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হতে পারে। ফলে ছোট দোকানদার ও সাধারণ UPI ব্যবহারকারীদের আপাতত স্বস্তি মিলতে পারে। সরকার আরও একটি বিকল্পও বিবেচনা করছে। প্রতিটি লেনদেনের উপর আলাদা চার্জ না বসিয়ে, ব্যবসায়ীর বার্ষিক মোট ডিজিটাল লেনদেনের পরিমাণ অনুযায়ী MDR নির্ধারণ করা হতে পারে। লক্ষ্য একটাই ডিজিটাল পেমেন্টের অতিরিক্ত খরচ যেন ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে।
বর্তমানে ক্রেডিট ও ডেবিট কার্ডে MDR থাকলেও UPI-তে এমন কোনও চার্জ নেই। সেই কারণেই অতি দ্রুত দেশের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট ব্যবস্থায় পরিণত হয়েছে UPI। সরকারি তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই UPI-এর মাধ্যমে ২,৩৬০ কোটিরও বেশি লেনদেন হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় ২৯.৯ ট্রিলিয়ন টাকা। বিশ্বের অন্যতম বৃহৎ তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা হিসেবে এখন UPI-র গুরুত্ব অনস্বীকার্য।
বিশেষজ্ঞদের মতে, ২,০০০ টাকার বেশি লেনদেন সংখ্যায় কম হলেও মোট লেনদেনের মূল্যের বড় অংশ জুড়ে রয়েছে।
তাই এই অংশে MDR চালু হলে ডিজিটাল পেমেন্ট শিল্পে বছরে ৫,০০০ থেকে ১০,০০০ কোটি টাকার অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। সরকার কেবল প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করছে। কবে থেকে এই নিয়ম কার্যকর হবে, কত হারে চার্জ বসবে বা আদৌ বসবে কি না তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে UPI-তে আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে লেনদেন করা যাচ্ছে।














