নিজস্ব সংবাদদাতা: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে খোলা মাঠ, জলাশয়ের ধারে কিংবা গাছের নীচে থাকার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই আবহাওয়া পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরের নতুন আবহাওয়া ব্যবস্থা। থাইল্যান্ড সংলগ্ন অঞ্চল থেকে সরে আসা একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে পৌঁছে শক্তি বাড়িয়েছে। শনিবার সন্ধ্যায় সেটি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে। সিস্টেমটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।
কিছু আন্তর্জাতিক আবহাওয়া মডেল সিস্টেমটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখালেও, এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘূর্ণিঝড় তৈরির কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। ফলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। ভবিষ্যতে সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নির্ধারিত তালিকা অনুযায়ী তার নাম হতে পারে ‘অর্ণব’। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে হতে পারে। তবে তার প্রভাবে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির ব্যাপকতা কিছুটা কম থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির প্রবণতা সাময়িকভাবে কমার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও আপাতত বড় ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষভাগে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।
সব মিলিয়ে পুজোর আগে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের গতিপথ নিয়েই এখন নজর আবহাওয়াবিদদের। আগামী কয়েক দিনে সিস্টেমটি কতটা শক্তিশালী হয় এবং বাংলায় তার কতটা প্রভাব পড়ে, তার উপরই নির্ভর করবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা।














