প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

থানার কাছেই সাড়ে ৩ লক্ষ ছিনতাই! দেড় ঘণ্টা পর জাতীয় সড়কে ফের টার্গেট মহিলা

Published on: September 19, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, বেলদা: দিনের আলোয় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় কার্যত আতঙ্কের আবহ বেলদা থানা এলাকায়। প্রথমে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বৃদ্ধার হাত থেকে সাড়ে তিন লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল বাইক আরোহী দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে জাতীয় সড়কে ফের এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা। দ্বিতীয় ঘটনায় মহিলার স্বামীর তৎপরতায় শেষ পর্যন্ত ভেস্তে যায় দুষ্কৃতীদের ছক।

জানা গিয়েছে, শনিবার বেলা প্রায় ১১টা নাগাদ এক শিক্ষক তাঁর বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে বৃদ্ধা বাইক থেকে নামার সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, সেই সময় বাইকে আসা দুষ্কৃতীরা বৃদ্ধার হাত থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মুহূর্তে চম্পট দেয়।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ঘটনাস্থল বেলদা থানার একেবারে কাছাকাছি বলে স্থানীয়দের দাবি। ফলে দিনের বেলায়, থানার অদূরে এমন ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

কিন্তু এখানেই শেষ নয়। প্রথম ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর জাতীয় সড়কে ফের ছিনতাইয়ের চেষ্টা। অভিযোগ, এক দম্পতি বাখরাবাদের দিক থেকে বাইকে করে আসছিলেন। একটি বেসরকারি নার্সিংহোমের সামনে পৌঁছতেই পিছন থেকে বাইকে করে এসে মহিলার গলার হার টানার চেষ্টা করে দুষ্কৃতীরা।

পরিস্থিতি বুঝে মহিলার স্বামী সঙ্গে সঙ্গে বাইক দাঁড় করিয়ে চিৎকার শুরু করেন। তাতে প্রথমে পিছিয়ে যায় বাইক আরোহীরা। অভিযোগ, কয়েক মিনিট পর ফের ওই দম্পতির পিছু নেয় তারা। শেষ পর্যন্ত সুযোগ না পেয়ে জাতীয় সড়ক ধরে দাঁতনের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায়।

ছিনতাইয়ের চেষ্টায় মহিলার গলায় আঁচড়ের দাগ পড়ে বলে জানা গিয়েছে। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নার্সিংহোমের সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

একই দিনে, একই থানা এলাকায়, অল্প সময়ের ব্যবধানে পরপর দুই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ঘটনায় দুষ্কৃতীরা সফল, দ্বিতীয় ঘটনায় অল্পের জন্য ব্যর্থ কিন্তু পরপর এই দুই ঘটনার পর সাধারণ মানুষের প্রশ্ন, বেলদায় কি সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইবাজদের কোনও চক্র?

দুই ঘটনার পিছনে একই দুষ্কৃতী দল রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পরপর ঘটনার পর পুলিশের টহলদারি এবং নজরদারি আরও জোরদার করার দাবি উঠছে স্থানীয় মহলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now