নারায়ণগড়: কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের একাধিক এলাকায় তৈরি হয়েছে জলমগ্ন পরিস্থিতি। বিশেষ করে কাঁঠালিয়া-সহ বেশ কিছু গ্রামে মোরামের রাস্তা জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে জলমগ্ন এলাকায় পৌঁছলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি। কোথাও নৌকায় চেপে, আবার কোথাও হাঁটুজল পেরিয়ে এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক। এদিন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাছ ধরার কাজে যুক্ত বাসিন্দাদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। এমনকি মাছ ধরার জাল থেকে মাছ ছাড়াতেও হাত লাগান বিধায়ক।
স্থানীয়দের দাবি, বর্ষার সময় কেলেঘাই নদীর জল বাড়লে প্রতিবছরই বিভিন্ন গ্রামে জল জমে দুর্ভোগ বাড়ে। রাস্তা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক রমাপ্রসাদ গিরি জানান, জলমগ্ন এলাকার পরিস্থিতি প্রশাসনের নজরে আনা হবে এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।











