মেদিনীপুর: স্বাধীনতার ৭৯ বছর পরও সরকারি স্থাপনার গায়ে রয়ে গিয়েছে ব্রিটিশ শাসনের ছাপ। সেই নাম পরিবর্তনের দাবিতে এবার সরব হলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের সরকারি বাংলো ‘হেস্টিংস হাউস’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ক্ষুদিরাম বসু ভবন’ করার দাবি জানিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণাকে চিঠি দিলেন তিনি।
বিধায়কের বক্তব্য, যে মাটিতে জন্ম নিয়েছেন ভারতের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু, সেই মাটির প্রশাসনিক ভবনের নাম আজও ব্রিটিশ আমলের এক শাসকের স্মৃতি বহন করছে। এটি মেনে নেওয়া যায় না।
চিঠিতে শঙ্কর কুমার গুছাইত উল্লেখ করেছেন, “ঔপনিবেশিক শাসনের প্রতীক বহনকারী একটি নাম স্বাধীন ভারতের গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মেদিনীপুরের ইতিহাস, আত্মত্যাগ এবং বিপ্লবী ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই বাংলোর নাম পরিবর্তন করা উচিত।”
তিনি আরও বলেন, “মেদিনীপুর শুধু একটি জেলা নয়, এটি বীর বিপ্লবীদের জন্মভূমি। ক্ষুদিরাম বসুর মতো অমর স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিকে সম্মান জানিয়ে সরকারি স্থাপনার নামকরণ করা হলে নতুন প্রজন্মও ইতিহাস সম্পর্কে জানতে পারবে।”
এদিকে, বিধায়কের দাবি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এখন নজর, প্রশাসনিক স্তরে এই নাম পরিবর্তনের দাবি কতটা গুরুত্ব পায়। তবে ব্রিটিশ আমলের নাম বদলে স্বাধীনতা সংগ্রামীদের নামে সরকারি স্থাপনার নামকরণের দাবি ঘিরে মেদিনীপুরে শুরু হয়েছে নতুন আলোচনা।














