নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়: গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বড়সড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার পুলিশ। ১৬ নম্বর জাতীয় সড়কের কুচলী এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেট কার আটক করে তল্লাশি চালাতেই গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হল প্রায় ৩০ কেজি প্যাকেটবন্দি গাঁজা। ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কুচলী এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু করা হয়। সেই সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই সিটের নিচ থেকে উদ্ধার হয় একাধিক প্যাকেটে রাখা বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা উড়িষ্যার পুরী থেকে নদিয়া জেলার চাকদা এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় সড়ককে ব্যবহার করে এই মাদক কোথায় এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, গাঁজার উৎস কোথায় এবং এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি পাচারের জন্য ব্যবহৃত গাড়িটির সম্পর্কেও তথ্য সংগ্রহ করছেন পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।











