নিজস্ব প্রতিবেদক: মারধরের অভিযোগ থেকে শুরু করে রাজনৈতিক হুমকি এবং একাধিক দুর্নীতির অভিযোগ! বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সবং ব্লকের ১ নম্বর দেভোগ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি টোটন দাসকে গ্রেফতার করল সবং থানার পুলিশ। বুধবার রাতে তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সবংয়ের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই টোটন দাসের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠছিল। তৃণমূলের রাজত্ব চলাকালীন বিজেপি কর্মীদের হুমকি দেওয়া, রাজনৈতিক প্রভাব খাটানো এবং মারধরের মতো অভিযোগও রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়েও নানা সময়ে সরব হয়েছেন স্থানীয় মানুষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সমস্ত অভিযোগের মধ্যে একটি মামলার তদন্তের সূত্র ধরেই বুধবার রাতে টোটন দাসকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।
টোটন দাসের গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভয় দেখানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের ঘটনায় সেই অভিযোগগুলিই ফের সামনে এসেছে।
ইতিমধ্যে দেভোগ অঞ্চলের তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থাকা এক নেতার গ্রেফতারিকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এরপর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবংয়ের রাজনৈতিক মহলের।











