প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

IIT পড়ুয়ার রহস্যমৃত্যুতে খুনের অভিযোগ পরিবারের, ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার দাবি

Published on: August 14, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: আইআইটি খড়গপুরের পড়ুয়া অঙ্কিত শর্মার রহস্যমৃত্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার নালন্দা কমপ্লেক্সের চারতলা থেকে পড়ে মৃত্যু হওয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, অঙ্কিতকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। যদিও পরিবারের এই অভিযোগের সমর্থনে এখনও কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি।

বৃহস্পতিবার দুপুরে আইআইটি খড়গপুরের নালন্দা কমপ্লেক্সের চারতলা থেকে পড়ে গুরুতর জখম হন অঙ্কিত। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়ার বাড়ি রাজস্থানের নাগর জেলার যশবন্তগড় থানা এলাকায়।

ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে রাজস্থান থেকে খড়গপুরে পৌঁছন অঙ্কিতের পরিবারের সদস্যরা। ক্যাম্পাসে এসে পরিস্থিতি খতিয়ে দেখার পরই তাঁরা আত্মহত্যার সম্ভাবনা কার্যত উড়িয়ে দেন। পরিবারের দাবি, অঙ্কিত পড়াশোনায় মেধাবী ছিল। তাঁর মধ্যে কোনও ধরনের মানসিক অবসাদ বা আত্মহত্যার প্রবণতা তাঁরা কখনও লক্ষ্য করেননি।

পরিবারের একাধিক সদস্যের দাবি, স্বাভাবিকভাবে চারতলা থেকে পড়ে যাওয়ার ঘটনা নয় এটি। তাঁদের অভিযোগ, অঙ্কিতকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কিংবা ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে দ্রুত খড়গপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

অঙ্কিতের মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি পরিবারের অভিযোগ অনুযায়ী পরিকল্পিত খুন। এই প্রশ্নই এখন সামনে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইআইটি খড়গপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এক মেধাবী পড়ুয়ার এমন রহস্যমৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now