নিজস্ব প্রতিবেদকঃ সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় দিনের পর দিন অপেক্ষা। ফর্ম পূরণ, নথি জমা সব প্রক্রিয়া শেষ করার পরও অ্যাকাউন্টে টাকা নেই! আর সেই ক্ষোভেই এবার সরাসরি রাস্তায় নামলেন অন্নপূর্ণা যোজনার একাধিক উপভোক্তা। শুক্রবার দাঁতন-২ ব্লক অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মহিলারা। প্রথমে বিডিও অফিসের গেটের সামনে চলে বিক্ষোভ। কিন্তু দীর্ঘক্ষণ পরেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ আরও চরমে ওঠে। শেষ পর্যন্ত বেলদা-কাঁথি রাজ্য সড়ক অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য বারবার ফর্ম ফিল-আপ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে আবেদন করার পরেও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। ফলে প্রকল্পের সুবিধা থেকে তাঁরা কেন বঞ্চিত হচ্ছেন, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। “আবেদন করেছি, কাগজপত্র জমা দিয়েছি, তাহলে টাকা আটকে কেন?” এই প্রশ্নেই সরব হন বিক্ষোভকারী মহিলারা। তাঁদের দাবি, সমস্যার কারণ স্পষ্ট করে জানাতে হবে প্রশাসনকে। একইসঙ্গে দ্রুত প্রাপ্য টাকা অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থাও করতে হবে।
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের বিক্ষোভের খবর ইতিমধ্যেই সামনে এসেছে। কোথাও প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভ, কোথাও আবার রাস্তা অবরোধের ঘটনাও ঘটেছে। দাঁতন-২-এও সেই ক্ষোভের আঁচ এসে পড়ল রাজপথে। টাকা না পাওয়া পর্যন্ত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। তাঁদের একটাই দাবি কাগজপত্র ঠিক থাকলে প্রাপ্য টাকা কবে মিলবে, তার স্পষ্ট জবাব চাই।











