নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ভোরের নিস্তব্ধতা ভেঙে বিষধর সাপের ছোবল। আর সেই ছোবলের জেরে মর্মান্তিক মৃত্যু হল ৫৬ বছরের এক মহিলার। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতরা অঞ্চলের নানকার নীলা-বাটিটাকি এলাকায়। মৃতার নাম দিপালি সামন্ত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে বাড়িতে শুয়ে পড়েছিলেন দিপালি। মঙ্গলবার ভোরে বাড়ির বাইরে বেরোনোর সময় আচমকাই একটি বিষধর সাপ তাঁকে কামড়ায় বলে পরিবারের দাবি। সাপের কামড়ের কথা পরিবারের সদস্যদের জানান তিনি। এরপর পায়ে চুন লাগিয়ে ফের ঘুমিয়ে পড়েন।
কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যায়। শুরু হয় তীব্র হাত-পায়ের যন্ত্রণা। অসুস্থতার কথা পরিবারের সদস্যদের জানাতেই আর দেরি করেননি তাঁরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেন পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় মৃত্যু হয় দিপালির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।
সাপের কামড়ের পর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার গুরুত্ব নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই মর্মান্তিক ঘটনা।











