নিজস্ব সংবাদদাতা, বেলদা: রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে সম্প্রীতি ও সম্পর্কের মেলবন্ধনের বার্তা দিতে বেলদায় উপস্থিত হলেন অভিনেতা বিশ্বনাথ বসু। বেঙ্গল স্টেট পারফর্মার ফোরামের পক্ষ থেকে বেলদা থানায় গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে রাখি বন্ধন কর্মসূচিতে অংশ নেন তিনি।এরপর বেলদা কলেজেও যান অভিনেতা বিশ্বনাথ বসু। পাশাপাশি নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
বিশ্বনাথ বসু জানান, বেঙ্গল স্টেট পারফর্মার ফোরামের পক্ষ থেকেই তাঁর এই সফর। তাঁর কথায়, রাজ্যের অসংখ্য শিল্পী সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেন। বর্তমানে তিনি এই সংগঠনের সম্পাদক হিসেবে শিল্পীদের পাশে থাকার দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, মেদিনীপুরে সারা বছরই বহু স্টেজ শো করেন শিল্পীরা। সেই কাজের ক্ষেত্রে যেমন সাফল্য রয়েছে, তেমনই বিভিন্ন সময়ে নানা সমস্যারও মুখোমুখি হতে হয়। সেই কারণেই রাখি পূর্ণিমার মতো দিনে রাখি বন্ধনের মাধ্যমে শিল্পী, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেওয়া হচ্ছে।
বেলদায় অভিনেতার এই উপস্থিতিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। রাখির বন্ধনকে সামনে রেখে তাঁর এই উদ্যোগে উঠে আসে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা।











