নিজস্ব প্রতিবেদকঃ রাতের অন্ধকারে ঘরের দরজায় তালা। সকাল হতেই সেই ঘর থেকে বেরিয়ে এল একেবারে অন্য গল্প! ‘ফেসবুক প্রেম’-এর টানে গৃহবধূর বাড়িতে হাজির প্রেমিক যুবক এরপর পরিবারের নজরে পড়তেই দু’জনকে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগ। কিন্তু সকাল হতেই বদলে গেল পুরো পরিস্থিতি!
বেলদা থানা এলাকার এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই গৃহবধূ ও দাঁতন এলাকার এক যুবকের পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সম্পর্কের টানেই যুবক গৃহবধূর বাড়িতে হাজির হন বলে অভিযোগ।
বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই রাতেই দু’জনকে একটি ঘরের মধ্যে তালাবন্দি করে রাখা হয় বলে দাবি। এরপর সকাল হতেই ঘটে নাটকীয় মোড়। প্রকাশ্যেই দু’জনের মালাবদল করিয়ে বিয়ে দেওয়া হয়। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, এই মালাবদলের ঘটনায় উপস্থিত ছিলেন গৃহবধূর স্বামীও! মুহূর্তের মধ্যে সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। ঘটনার খবর পেয়ে পরে পুলিশ দু’জনকে উদ্ধার করে বেলদা থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল, দু’জনের সম্পর্কের প্রকৃত সত্য কী এবং মালাবদলের ঘটনাটি কীভাবে ঘটল তা এখনও স্পষ্ট নয়।
গুরুত্বপূর্ণ বিষয় হল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা SABANG BULLETIN এর পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তাই ভাইরাল ভিডিওকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি। এক রাতের তালাবন্দি, আর সকালেই মালাবদলবেলদার এই ‘ফেসবুক প্রেম’-এর ঘটনায় আসল কাহিনি কী? উত্তর খুঁজছে এলাকাবাসী।














