সবং: বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের খাজুরী এলাকায়। মৃত ছাত্রের নাম অলক শীট (১৬)। দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির কাছেই একটি পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে অলক। স্নানের মাঝেই আচমকা পুকুরের জলে তলিয়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে বন্ধুরা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তৎপরতার সঙ্গে পুকুরে নেমে অলককে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাধ্যমিক পরীক্ষার আগে এক কিশোর পড়ুয়ার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অলকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরা। শোকস্তব্ধ সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারাও।একটি সম্ভাবনাময় জীবনের এমন মর্মান্তিক পরিণতিতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।














