বেলদা: সকালবেলার ব্যস্ত সময়। ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন এক মহিলা। আর সেই সুযোগেই ওত পেতে থাকা দুই বাইক আরোহীর দুঃসাহসিক ছিনতাই! বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলদার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১০ হাজার টাকা তুলে সাইকেলে করে বাড়ির পথে রওনা হয়েছিলেন ওই মহিলা। টাকা ভর্তি ব্যাগটি ছিল সাইকেলের সামনের ঝুড়িতে। বেলদা-মেদিনীপুরগামী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই আচমকাই পিছন দিক থেকে মোটরবাইকে চেপে আসে দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই বাইকের পিছনে থাকা যুবক সাইকেলের ঝুড়ি থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর বাইকটি দ্রুতগতিতে ছুটিয়ে বাইপাসের দিকে পালিয়ে যায় অভিযুক্তরা।
ওই মহিলার দাবি, ব্যাগে নগদ ১০ হাজার টাকা ছাড়াও ছিল তাঁর মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনার আকস্মিকতায় কার্যত হতভম্ব হয়ে পড়েন তিনি। ছিনতাইয়ের ঘটনা বুঝতে পেরে আশপাশের স্থানীয়রা বাইক আরোহীদের ধাওয়া করার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই গতি বাড়িয়ে বাইপাসের দিকে বেরিয়ে যায় বাইকটি। ফলে হাতেনাতে ধরা সম্ভব হয়নি কাউকেই।
দিনের আলোয়, জনবহুল এলাকার কাছেই এভাবে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে বেরোনো ব্যক্তিদেরই কি টার্গেট করা হচ্ছিল? অভিযুক্তরা আগে থেকেই নজর রাখছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাইক ও অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। দিনদুপুরে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়দের দাবি, বেলদা বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হোক।












