পিংলা: পিংলা থেকে পাকিস্তানে OTP! কয়েক মাস আগে এই বিস্ফোরক অভিযোগে তোলপাড় হয়েছিল পশ্চিম মেদিনীপুরের পিংলা। ক্ষীরাই এলাকা থেকে দুই যুবককে গ্রেফতারের পর তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এবার সেই মামলায় নতুন করে তৎপরতা বেঙ্গল STF-এর। NIA তদন্তভার নেওয়ার পরেও পিংলায় ফের হাজির তদন্তকারীরা।
শনিবার ক্ষীরাই গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক জায়গায় ঘুরে দেখেন STF আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলা থেকে শুরু করে ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ সবদিকেই নজর ছিল তদন্তকারীদের। সূত্রের খবর, বলিশ্বরপুর এলাকাতেও এক যুবকের সঙ্গে কথা বলেন STF আধিকারিকরা। তাঁর কাছ থেকে বেশ কিছু বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, গত মে মাসে পিংলার ক্ষীরাই পঞ্চায়েত এলাকার শেখ মুরসালিন এবং সুরজচকের গৌতম খাঁড়াকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের STF। তদন্তে অভিযোগ ওঠে, ভারতীয় সিম ব্যবহার করে তৈরি WhatsApp অ্যাকাউন্টের OTP পাকিস্তানি ISI-র হ্যান্ডলারদের কাছে পাঠানো হত। তদন্তকারীদের দাবি, OTP পাঠানোর বিনিময়ে টাকা পাওয়ার তথ্যও উঠে আসে।
এরপরই মামলার গুরুত্ব আরও বাড়ে। সম্প্রতি তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা NIA। আর সেই তদন্তভার হস্তান্তর ও তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য-নথি তুলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই পিংলায় ফের STF-এর উপস্থিতি ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
কেন ফের পিংলায় STF? কার কাছ থেকে কী তথ্য মিলল? এই ঘটনায় আরও কোনও ব্যক্তি বা বৃহত্তর নেটওয়ার্কের যোগ রয়েছে কি না? এখন তদন্তের কেন্দ্রে একাধিক প্রশ্ন।
পিংলার মাটি থেকে পাকিস্তান পর্যন্ত OTP যাওয়ার অভিযোগ যে মামলাকে সাধারণ সাইবার অপরাধের গণ্ডি ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে নিয়ে গিয়েছে, NIA-র তদন্তভার গ্রহণ তারই ইঙ্গিত দিচ্ছে। এবার STF-এর শেষ দফার মাঠতদন্তে নতুন কোনও সূত্র সামনে আসে কি না, আর NIA তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর গোটা এলাকার।








