ঘাটাল: বিষধর সাপ উদ্ধার করে নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সেই সাপ নিয়েই শুরু হল ‘কেরামতি’! অভিযোগ, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি পা দিয়ে রাসেল ভাইপারকে চেপে ধরার চেষ্টা করতেই মুহূর্তের মধ্যে তাঁকে ছোবল মারে সাপটি। গুরুতর আতঙ্ক ছড়ায় এলাকায়। দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, ঘাটাল এলাকায় একটি মোটরসাইকেলের ভিতরে বিষধর সাপ ঢুকে পড়ার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশপ্রেমী মলয় ঘোষ। বেশ সতর্কতার সঙ্গে মোটরসাইকেলের ভিতর থেকে সাপটিকে উদ্ধারের চেষ্টা করেন তিনি। সেই সময় আচমকাই সাপটি ছিটকে কিছুটা দূরে চলে যায়।
অভিযোগ, এরপরই ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সাপটির কাছে গিয়ে কেরামতি দেখাতে শুরু করেন। সাপটিকে পা দিয়ে চেপে ধরার চেষ্টা করেন তিনি। আর সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। নিজেকে রক্ষা করতে সাপটি ওই ব্যক্তির পায়ে ছোবল মারে।
ছোবলের পর মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। স্থানীয়রা দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে চর্চা। বিষধর সাপ উদ্ধারের পর সেটিকে উত্ত্যক্ত করা বা ধরার চেষ্টা যে কতটা বিপজ্জনক হতে পারে, এই ঘটনাই যেন তার জ্বলন্ত উদাহরণ। বিশেষজ্ঞদের পরামর্শ, সাপ দেখা গেলে কোনওভাবেই কাছে গিয়ে কেরামতি না দেখিয়ে প্রশিক্ষিত সাপ উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। সাপকে উত্যক্ত করলে আত্মরক্ষার জন্য ছোবল দেওয়ার আশঙ্কা থাকে।










