সবং: বন্যার ক্ষত কাটিয়ে পুজোর আগেই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করতে বড়সড় উদ্যোগ নিল সবং ব্লক প্রশাসন। ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮৫টি গ্রামীণ রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ফিফটিন ফাইন্যান্স এবং ভিবিজি-রামজি যোজনা প্রকল্পের মাধ্যমে এই রাস্তা সংস্কারের কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সম্প্রতি বন্যার জেরে সবং ব্লকের একাধিক এলাকায় রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ে। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর ফলে সাধারণ মানুষের যাতায়াত যেমন ব্যাহত হয়েছে, তেমনই সমস্যায় পড়েছেন স্কুলপড়ুয়া থেকে শুরু করে কৃষক ও নিত্যযাত্রীরা।
সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে গ্রামাঞ্চলে মানুষের যাতায়াতও বাড়বে। সেই কথা মাথায় রেখেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সবং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মণ্ডল জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮৫টি গ্রামীণ রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে রাস্তাগুলির সংস্কারের কাজ করা হবে।
প্রশাসনের এই উদ্যোগে পুজোর আগে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলেই আশা করছেন এলাকার বাসিন্দারা। এখন দেখার, ঘোষিত এই রাস্তা সংস্কারের কাজ কত দ্রুত মাটিতে বাস্তবায়িত হয়।











