প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

রেলের টিকিটে দালালির অভিযোগ! রূপসা ও উলুবেড়িয়ায় RPF-এর অভিযানে গ্রেফতার ২

Published on: September 9, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ রেলের সংরক্ষিত টিকিট নিয়ে বেআইনি কারবারের অভিযোগে ফের বড়সড় অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (RPF)। অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের কাছে রিজার্ভেশন টিকিট সরবরাহের অভিযোগে পৃথক অভিযানে রূপসা ও উলুবেড়িয়া রেলস্টেশন থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে একাধিক সংরক্ষিত টিকিট, রিজার্ভেশন ফর্ম ও নগদ টাকা।

ঘটনাটি ৮ সেপ্টেম্বর ২০২৬-এর। RPF সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রূপসা স্টেশনের PRS কাউন্টারে নজরদারি চালানো হয়। সেখানেই সন্দেহজনকভাবে রেল টিকিট কেনার অভিযোগে রূপসার বাসিন্দা ২২ বছরের দিবাকর দাসকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২টি যাত্রা-সহ সংরক্ষণ টিকিট, যার মোট মূল্য ১৬,৩৬০ টাকা, একটি ফাঁকা রিজার্ভেশন ফর্ম এবং ৪২০ টাকা নগদ উদ্ধার করা হয়। RPF-এর দাবি, জিজ্ঞাসাবাদে দিবাকর অতিরিক্ত অর্থের বিনিময়ে গ্রাহকদের জন্য রেলের সংরক্ষিত টিকিট সংগ্রহ ও সরবরাহ করার কথা স্বীকার করেন। বৈধ কোনও অনুমতিপত্র বা লাইসেন্স দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিনে উলুবেড়িয়া স্টেশনের PRS কাউন্টারে টিকিট দালালির বিরুদ্ধে অভিযান চালায় RPF। রিজার্ভেশন লাইনে দাঁড়িয়ে থাকা বাগনানের বাসিন্দা ৩৬ বছরের রবি ঘোষকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩টি সংরক্ষিত রেল টিকিট, যার মোট মূল্য ১৩,২৫৫ টাকা, একাধিক রিজার্ভেশন রিকুইজিশন ফর্ম এবং ২০০ টাকা নগদ। RPF-এর দাবি, জিজ্ঞাসাবাদে রবি ঘোষও অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের কাছে রেলের টিকিট সরবরাহ করার কথা স্বীকার করেন।

দুই ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করে সংশ্লিষ্ট RPF পোস্টে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁদের আদালতে পেশ করা হয়েছে।

রেল টিকিটের কালোবাজারি ও দালালচক্রের দৌরাত্ম্য রুখতে RPF-এর এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাধারণ যাত্রীরা যাতে দালালদের খপ্পরে না পড়ে স্বচ্ছ ও ন্যায্যভাবে রিজার্ভেশন সুবিধা পান, তা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে RPF সূত্রে জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now