প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

মা আসছেন, কিন্তু শোলা কোথায়? জলমগ্ন ক্ষেত বাড়াচ্ছে শিল্পীদের উদ্বেগ

Published on: September 15, 2026
---Advertisement---

ইন্দ্রজিৎ সাহুঃ শরৎ-এর আকাশে পুজোর গন্ধ। ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। প্রতিমার সাজসজ্জা থেকে পুজোর নানা উপকরণ দুর্গোৎসবকে ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে। কিন্তু সেই উৎসবের অন্যতম ঐতিহ্যবাহী উপকরণ শোলা নিয়েই এবার দেখা দিয়েছে সংকট।

দূর থেকে দেখলে মনে হবে, বিস্তীর্ণ জলমগ্ন মাঠের বুকজুড়ে আগাছার মতো ছড়িয়ে রয়েছে জলজ উদ্ভিদ। কাছে গেলেই বোঝা যায়, সেগুলি আসলে শোলা গাছ। বর্ষার জমা জল, নদী-খাল এবং নিচু জলাভূমিতে এই গাছ জন্মায়। বছরের নির্দিষ্ট সময়ে জল থেকে শোলা সংগ্রহ করে তা শুকিয়ে তৈরি হয় নানা ধরনের শিল্পসামগ্রী। বিশেষ করে দুর্গাপুজো, বিশ্বকর্মাপুজোর আগে শোলার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। প্রতিমার সাজ, মুকুট, মালা, অলঙ্করণ এবং পুজোর বিভিন্ন সামগ্রী তৈরিতে শোলার ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু এবছর অতিবৃষ্টি ও বন্যার কারণে সেই শোলাই যেন জলের তলায় হারিয়ে যেতে বসেছে।

সবং, পটাশপুর-সহ একাধিক এলাকায় বন্যার জেরে নিচু জমি, খাল-বিল ও জলাভূমিতে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। জলের তলায় পড়ে বহু শোলা গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও বা শোলা মিললেও তার পরিমাণ এবং গুণমান আগের মতো নেই বলে দাবি সংগ্রাহকদের।

প্রতি বছর পুজোর আগে নদী, খাল, জলাভূমি ও নিচু এলাকায় শোলা সংগ্রহ করতে যান বহু দিনমজুর ও খেটে-খাওয়া মানুষ। পুজোর মরসুমে শোলা সংগ্রহ ও বিক্রি তাঁদের বাড়তি আয়ের অন্যতম ভরসা। কিন্তু এবছর জলই যেন তাঁদের পথের কাঁটা।

কোনও দিন ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও মিলছে না শোলা। আবার কোনও দিন অনেক কষ্টে এক আঁটি শোলা নিয়ে সাইকেলে ফিরতে হচ্ছে। ফলে একদিকে যেমন কমেছে তাঁদের রোজগার, অন্যদিকে কাঁচামালের জোগান কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন শোলাশিল্পীরাও। আশঙ্কা করা হচ্ছে, বাজারে শোলার জোগান কম থাকলে তার প্রভাব পড়তে পারে পুজোর সামগ্রীর দামে। কারণ কাঁচামালের সংকট তৈরি হলে উৎপাদন খরচ বাড়ার সম্ভাবনাও রয়েছে।

তবে শুধু দাম বাড়ার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার বহু পুরনো এক শিল্প-ঐতিহ্য এবং বহু মানুষের জীবিকা। প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা এই শিল্পের সামনে এবছর নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

দুর্গাপুজোর আনন্দে যখন শহর থেকে গ্রাম সর্বত্র সাজ সাজ রব, তখন জলমগ্ন মাঠের দিকে তাকিয়ে শোলা সংগ্রাহকদের একটাই প্রশ্ন পুজোর আগে কি ফিরবে শোলার জোগান? আর টিকে থাকবে তো এই ঐতিহ্যবাহী শোলাশিল্পের কারিগরদের রোজগার? উৎসবের আলো জ্বলার আগে তাই শোলার সাদা সৌন্দর্যের আড়ালে দেখা দিচ্ছে এক গভীর অনিশ্চয়তার ছায়া।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now