প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

চন্দ্রকোনা রোডে সিপিএম মিছিল ঘিরে তাণ্ডবের অভিযোগ! পার্টি অফিসে ভাঙচুর-আগুন, কাঠগড়ায় বিজেপি

Published on: September 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের মিছিল ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে ফের উত্তেজনার পারদ চড়ল। চন্দ্রকোনা রোডে সিপিএমের মিছিল চলাকালীন হামলা, পার্টি অফিসে ভাঙচুর এবং জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একই দিনে খড়গপুর গ্রামীণের মাদপুরেও সিপিএমের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

সোমবার সকালে চন্দ্রকোনা রোডে মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল সিপিএমের চন্দ্রকোনা রোড ও বহরাশোল এরিয়া কমিটি। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ, লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের দাম এবং সমস্ত মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা দেওয়ার দাবিতে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল।

সিপিএমের অভিযোগ, মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিনা প্ররোচনায় বিজেপির একাংশ তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বলে দাবি বাম নেতৃত্বের। এরপর কয়েকজন হামলাকারী চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে পৌঁছে ভাঙচুর চালায় বলেও অভিযোগ।

বাম নেতৃত্বের দাবি, পার্টি অফিসের ভিতরে থাকা চেয়ার, টেবিল-সহ বিভিন্ন সামগ্রী বাইরে বের করে ফেলে দেওয়া হয় এবং পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিএমের অভিযোগ, বিরোধীদের রাস্তায় নামতে না দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে ভয় দেখিয়ে থামানোর চেষ্টা চলছে বলেও সরব হয়েছে বাম নেতৃত্ব।

অন্যদিকে, খড়গপুর গ্রামীণের মাদপুরেও সিপিএমের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সেখানেও বিজেপির বিরুদ্ধে হামলা এবং কর্মসূচি বানচালের চেষ্টা করার অভিযোগ তুলেছে সিপিএম। তবে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপির বিরুদ্ধে সাজানো অভিযোগ তুলছে সিপিএম।

একই দিনে জেলার দুই প্রান্তে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এমন অভিযোগ-পাল্টা অভিযোগে নতুন করে সরগরম পশ্চিম মেদিনীপুরের রাজনীতি। চন্দ্রকোনা রোডের পার্টি অফিসে ভাঙচুর ও আগুনের অভিযোগের পর ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now