প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ব্যক্তিগত আইডিতে রেলের টিকিট বুকিং! পূর্ব মেদিনীপুরে RPF-এর নজরে যুবক, উদ্ধার প্রায় ২৮ হাজার টাকার ই-টিকিট

Published on: September 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, তমলুক: রেলের ই-টিকিট নিয়ে বেআইনি কারবার এবং অননুমোদিত টিকিট বুকিংয়ের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। সেই অভিযানের অংশ হিসেবেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার এক যুবকের বিরুদ্ধে ব্যক্তিগত ইউজার আইডি ব্যবহার করে রেলের সংরক্ষিত ই-টিকিট বুকিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে তমলুক RPF।

RPF সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম হেসিবুল আলি খান (৩৫)। তিনি ভগবানপুর থানার পশ্চিম সারবেড়িয়া এলাকার বাসিন্দা। ডিজিটাল সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর গতিবিধি নিয়ে অনুসন্ধান শুরু করা হয়।

তদন্তকারীদের দাবি, হেসিবুলের কাছে কোনও অনুমোদিত IRCTC এজেন্ট আইডি ছিল না। তা সত্ত্বেও তিনি নিজের ব্যক্তিগত ইউজার আইডি ব্যবহার করে রেলের সংরক্ষিত ই-টিকিট বুক করতেন। RPF-এর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি আর্থিক লাভের উদ্দেশ্যে এইভাবে টিকিট বুকিংয়ের সঙ্গে যুক্ত থাকার কথা জানান। বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করা হত বলেও তদন্তে উঠে এসেছে।

তল্লাশির সময় তাঁর কাছ থেকে ৩টি লাইভ রেল ই-টিকিট, যার মোট মূল্য ৬,১২৮ টাকা ৫০ পয়সা, এবং ৬টি পুরনো বা ব্যবহৃত ই-টিকিট, যার মোট মূল্য ২২,২৭০ টাকা ৭০ পয়সা, উদ্ধার করা হয়। অর্থাৎ, মোট ৯টি টিকিটের মূল্য প্রায় ২৮ হাজার ৪০০ টাকা। পাশাপাশি একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে RPF।

এই ঘটনায় তমলুক RPF পোস্টে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রেলওয়ে আইনের ১৪৩ ধারায় ১২৫৫/২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। পরে BNSS-এর ৩৫(৪) ধারার বিধান অনুযায়ী অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়।

RPF সূত্রে আরও জানানো হয়েছে, মামলার প্রয়োজনীয় নথি ও কেস রেকর্ড ১৫ সেপ্টেম্বর ২০২৬ আদালতে পাঠানো হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।

খড়গপুর ডিভিশনের RPF জানিয়েছে, সাধারণ রেলযাত্রীদের স্বার্থ রক্ষা এবং অবৈধ টিকিট দালালি রুখতে ব্যক্তিগত আইডি ব্যবহার করে বাণিজ্যিকভাবে ই-টিকিট বুকিং ও বিক্রির বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now