সবং: ইটভাটা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও মালিকদের মধ্যে সমন্বয় আরও মজবুত করা, শ্রমিকদের স্বার্থরক্ষা এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে অনুষ্ঠিত হল কাঁটাখালি ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক কর্মীসভা। এবারের কর্মসূচির মূল বার্তা “একতা, উন্নয়ন, সমৃদ্ধি”।
বুধবার সবংয়ের কাটিনা নবোদয় দুর্গাপুজো প্রাঙ্গণে আয়োজিত এই কর্মীসভায় জেলার বিভিন্ন এলাকার ইটভাটা মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইটভাটা শিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রমিকদের স্বার্থ এবং আগামী দিনে শিল্পকে আরও সুসংগঠিত ও স্থায়ী করে তোলার বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
এবারের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রমিকদের ভূমিকার উপর। সভাস্থলে স্পষ্টভাবে তুলে ধরা হয় “শ্রমিকের সমৃদ্ধি আমাদের অঙ্গীকার”। পাশাপাশি সংগঠনের তরফে বার্তা দেওয়া হয়, “মজবুত সংগঠন, সমৃদ্ধ ইটভাটা শিল্প” এবং “শ্রমিক-মালিক একসাথে, গড়বো আগামী ইট শিল্পের ভবিষ্যৎ”।
ইটভাটা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে। তাই শ্রমিকদের স্বার্থরক্ষা, শিল্পের স্থায়িত্ব এবং মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা এই তিনটি বিষয়কে সামনে রেখেই এবারের বার্ষিক কর্মীসভা বিশেষ তাৎপর্য পেয়েছে।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য ইট শিল্প ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সাবির আহমেদ, জেলা সম্পাদক পঞ্চানন পাল, জেলা সভাপতি অতুল চন্দ্র ঘোষ এবং কাঁটাখালি ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শংকর প্রসাদ মাইতি, সহ সম্পাদক মলয় সমীরণ বেরা। এছাড়াও দাঁতন, সবং, ঘাটাল ও মেদিনীপুর এলাকার বিভিন্ন ইটভাটার মালিকরা কর্মীসভায় যোগ দেন।
সংগঠনের পক্ষ থেকে ঐক্যের বার্তা সামনে রেখে জানানো হয়, শ্রমিক ও মালিক একসঙ্গে এগিয়ে চললেই ইটভাটা শিল্পের আগামী দিনের ভিত আরও শক্তিশালী করা সম্ভব। শিল্পের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুসংগঠিত ও সমৃদ্ধ ইটভাটা শিল্প গড়ে তোলাই সংগঠনের আগামী দিনের লক্ষ্য।











