নিজস্ব সংবাদদাতা, বেলদা: রাজ্য সড়কে ফের বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার ঠাকুরচক এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অজিত রায় মহাপাত্রের। মৃতের বাড়ি গড় হরিপুর এলাকায়।
জানা গিয়েছে, অজিতবাবু বাইকে করে রাজ্য সড়ক ধরে বেলদার দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান আচমকাই তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। দুমড়ে-মুচড়ে যায় বাইকটিও।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনা ঘটিয়েই পিকআপ ভ্যানটি এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
শুক্রবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে প্রশ্ন উঠছে রাজ্য সড়কে বেপরোয়া গতির দৌরাত্ম্য রুখবে কে? আর কত প্রাণ গেলে লাগাম পড়বে দ্রুতগতির যান চলাচলে?











