প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: পুজোর আগে নতুন ফাঁদ! বেলদায় এটিএম কার্ড বদলে তিন দফায় ২৫ হাজার হাতিয়ে নেওয়ার অভিযোগ

Published on: September 19, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, বেলদা: পুজোর মুখে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বড়সড় প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বেলদায়। সাহায্যের নাম করে পাশে দাঁড়িয়ে থাকা এক হেলমেটধারী ব্যক্তির বিরুদ্ধে কৌশলে এটিএম কার্ড বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেই কার্ড ব্যবহার করে তিন দফায় মোট ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রতারিত গ্রাহক তাপস দীক্ষিত।

শনিবার বেলদা বাজারের Punjab National Bank-এর একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তাপসবাবু। তাঁর অভিযোগ, এটিএমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই হেলমেট পরা এক ব্যক্তি তাঁকে সাহায্য করার প্রস্তাব দেন। তাপসবাবু সাহায্য নিতে অস্বীকার করলেও ওই ব্যক্তি তাঁর খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন।

এরপরই শুরু হয় আসল খেলা। অভিযোগ, টাকা তোলার প্রক্রিয়ার মাঝেই নজর এড়িয়ে কৌশলে তাপসবাবুর এটিএম কার্ড বদলে দেওয়া হয়। লেনদেন সম্পন্ন না হওয়ায় তিনি কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যান। তখনও তিনি বুঝতে পারেননি তাঁর হাতে থাকা কার্ডটি আর নিজের নয়।

কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছতেই মোবাইলে একের পর এক টাকা তোলার মেসেজ ঢুকতে শুরু করে। তখনই সন্দেহ জাগে। পরে দেখা যায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয়, সেই টাকা দীঘার একটি এটিএম থেকে তোলা হয়েছে বলে তিনি জানতে পারেন।

এরপরই পুরো ঘটনা নিয়ে সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন তাপস দীক্ষিত। তাঁর অভিযোগ, বেলদার ওই এটিএমেই কার্ড বদলের ঘটনা ঘটে এবং পরে অন্যত্র সেই কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়।

পুজোর আগে বাজারে ভিড় বাড়ছে, সঙ্গে বাড়ছে এটিএমে লেনদেনও। ঠিক সেই সময় এমন অভিযোগ সামনে আসায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাহায্যের অজুহাতে এটিএমে দাঁড়িয়ে থাকা অপরিচিত ব্যক্তির প্রতি সতর্ক থাকার পাশাপাশি পিন নম্বর গোপন রাখা এবং লেনদেনের সময় আশপাশে নজর রাখার প্রয়োজনীয়তাও আবার সামনে এল।

এখন প্রশ্ন, হেলমেটধারী ওই ব্যক্তি কে? একাই কি এই প্রতারণা, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র? বেলদা থেকে কার্ড বদলে কীভাবে তা এত দ্রুত দীঘায় ব্যবহার করা হল এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তের দিকে নজর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now