নিজস্ব সংবাদদাতা, দীঘা: একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সকাল থেকেই কার্যত রুদ্ররূপ নিয়েছে দীঘার সমুদ্র। বৃহস্পতিবার পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠায় পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। হুইশেল থেকে সাইরেন বারবার সতর্ক করা হচ্ছে পর্যটকদের। সৈকতজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও নুলিয়া বাহিনী।
সকাল থেকেই দীঘার আকাশ মেঘে ঢাকা। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি। তার মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে ঢেউয়ের দাপট। উত্তাল সমুদ্রের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। পর্যটকরা একটু এগোলেই হুইশেল বাজিয়ে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছেন নুলিয়া ও পুলিশকর্মীরা।
তবে সমুদ্রের এই ভয়ঙ্কর রূপই যেন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। নিষেধাজ্ঞার মধ্যেও সৈকতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। কেউ মোবাইলে বন্দি করছেন উত্তাল ঢেউ, কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন সমুদ্রের বদলে যাওয়া মেজাজ।
সমুদ্রে নামতে না পেরে হতাশ পর্যটকদের একাংশ আবার এখনই দীঘা ছাড়তে নারাজ। তাঁদের বক্তব্য, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সমুদ্রস্নানের অনুমতি মিললেই জলে নামবেন। প্রয়োজনে আরও কিছুদিন দীঘায় থাকার সিদ্ধান্তও নিয়েছেন অনেকে।
এদিকে শুধু পর্যটকদের জন্যই নয়, মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কতা। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। ইতিমধ্যেই বহু মৎস্যজীবী নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদে ফিরে এসেছেন উপকূলে।
দীঘার পাশাপাশি তাজপুর ও মন্দারমণিতেও একই ছবি। সেখানে সৈকত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও নুলিয়া বাহিনী। উত্তাল ঢেউয়ের ধাক্কায় মন্দারমণির সমুদ্রতটের ছোট ছোট দোকানে জল ঢুকে পড়েছে বলেও খবর। সব মিলিয়ে পর্যটনের মরশুমে সমুদ্রের রুদ্ররূপে বদলে গিয়েছে দীঘা উপকূলের চেনা ছবি। প্রশাসনের স্পষ্ট বার্তা উত্তাল সমুদ্রে রোমাঞ্চ নয়, আগে নিরাপত্তা।











