নিজস্ব সংবাদদাতা, সবং: তৃণমূল নেতার বাড়িতে রড-লাঠি নিয়ে হামলার অভিযোগ! দরজা-জানালা ভাঙচুরের পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের কোলন্দা গ্রামে।
অভিযোগের কেন্দ্রে মানস ভূঁইয়া-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অতনু সিংহের বাড়ি। অতনুর মায়ের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রড ও লাঠি হাতে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়। তাঁর অভিযোগ, হামলাকারীরা বিজেপি-আশ্রিত।
এরপর বাড়ির দরজা-জানালায় ভাঙচুর চালানো হয় বলে দাবি পরিবারের। শুধু ভাঙচুরেই থামেনি হামলাকারীরা পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ অতনুর মায়ের। আচমকা এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির সদস্যদের মধ্যে। খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা তৈরি হয় গোটা কোলন্দা এলাকায়।
ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবারের তরফে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে অতনু সিংহের পরিবারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। ফলে কারা হামলা চালিয়েছে, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, নাকি অন্য কোনও বিরোধ কাজ করেছে তা এখন তদন্তসাপেক্ষ।
একদিকে তৃণমূল নেতার পরিবারের গুরুতর অভিযোগ, অন্যদিকে বিজেপির অস্বীকার দুই বিপরীত দাবিকে ঘিরে সবংয়ের কোলন্দায় চড়েছে রাজনৈতিক উত্তাপ। এখন পুলিশি তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর।











