ঘাটাল: রাতের রাজ্য সড়কে আচমকা দুর্ঘটনা! ট্রাফিক ব্যারিকেড এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে, বারো হাত কালী মন্দির সংলগ্ন এলাকায়। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সামনের ট্রাফিক ব্যারিকেড এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়েই বিপত্তি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ঘাটাল থানার ওসি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীও। গাড়িতে চালক-সহ মোট তিনজন ছিলেন। দুর্ঘটনায় তিনজনই আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতের ব্যস্ত সড়কে এমন দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ নিয়ে। ব্যারিকেড এড়ানোর চেষ্টা, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য তৈরি হয়।












