নিজস্ব সংবাদদাতা, বেলদা: দাম্পত্য জীবনের মধ্যেই বিস্ফোরক অভিযোগ! স্ত্রীর অপ্রাপ্তবয়স্ক বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রী বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করতেই নাবালিকাকে সঙ্গে নিয়ে স্বামী চলে যান বলেও অভিযোগ। ঘটনায় বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত ও তল্লাশি। পরবর্তীতে নাবালিকাকে উদ্ধার করা হয়। রবিবার তাকে একটি হোমে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, অভিযোগকারী স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য তাঁকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। মামলায় POCSO আইন-সহ একাধিক ধারায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, অভিযুক্ত স্বামী এখনও পুলিশের নাগালের বাইরে বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে নয়াগ্রাম এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোথায় তিনি রয়েছেন, নাবালিকাকে কীভাবে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশ আপাতত তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি। অভিযোগে ওঠা সমস্ত বিষয়ই তদন্তসাপেক্ষ এবং আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী বলা যায় না। নাবালিকার সুরক্ষা ও আইনি গোপনীয়তার স্বার্থে তার নাম, ছবি, ঠিকানা বা পরিচয় প্রকাশ করা হচ্ছে না।











