ইন্দ্রজিৎ সাহুঃ চারদিকে জল। জলমগ্ন হয়ে রয়েছে স্কুল চত্বরও। কিন্তু স্বাধীনতা দিবসের আবেগে কোনও বাধাই যেন বাধা হয়ে দাঁড়াতে পারল না সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের কাছে। স্কুলে পৌঁছনোর রাস্তা ও চত্বর জলে ডুবে থাকায় নৌকায় চেপেই জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সামিল হল কচিকাঁচারা।
শনিবার দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মতো সবংয়ের চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু টানা বৃষ্টির জেরে স্কুল চত্বর ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ায় তৈরি হয় সমস্যা। স্কুলে যাওয়া তো দূরের কথা, চত্বরের ভিতরে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার মতো পরিস্থিতিও ছিল না।
তবু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করতে এগিয়ে আসেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের তত্ত্বাবধানে নৌকার ব্যবস্থা করা হয়। সেই নৌকায় চেপেই স্কুলের খুদে পড়ুয়ারা জল পেরিয়ে পৌঁছয় স্কুল চত্বরে। নৌকায় বসেই তারা প্রত্যক্ষ করে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খুদে পড়ুয়াদের এই উপস্থিতি নজর কাড়ে। চারপাশে জলবন্দি পরিস্থিতির মধ্যেও জাতীয় পতাকার প্রতি তাদের টান ও স্বাধীনতা দিবস উদযাপনের আগ্রহ যেন অন্য এক বার্তাই বহন করল। গ্রামবাসীদের সহযোগিতায় নৌকায় চেপে স্কুলে পৌঁছে স্বাধীনতা দিবস পালন হয়ে উঠল এদিনের অন্যতম ব্যতিক্রমী দৃশ্য।
জলমগ্নতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের আবেগে কোনও ঘাটতি নেই চাঁদাগোবরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের এই ছবি যেন তারই প্রমাণ।











