নিজস্ব সংবাদদাতা, সবং: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে দেখা গেল অভিনব আয়োজন। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বলন করলেন প্রধান শিক্ষক যুগল প্রধান। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালিত হয়।
সন্ধ্যা নামতেই বিদ্যালয় চত্বরে একে একে জ্বলে ওঠে বহু প্রদীপ। সাদা পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছাত্ররা হাতজোড় করে কর্মসূচিতে অংশ নেয়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধান। প্রদীপের আলোয় মুহূর্তের মধ্যেই অন্য রূপ নেয় স্কুল প্রাঙ্গণ।
বিদ্যালয়ের ছাত্রদের নিয়েই মূলত এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। একসঙ্গে এতগুলি প্রদীপের আলো এবং পড়ুয়াদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দেয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির ছবি ইতিমধ্যেই নজর কাড়ছে।











