প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

নারায়ণগড়ে মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শন স্থগিত, কী বললেন বিধায়ক রমাপ্রসাদ গিরি?

Published on: August 20, 2026
---Advertisement---

সবং: টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধিতে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবংয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের নিয়ে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন তিনি।

বৈঠকে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর বিষয়গুলি তুলে ধরে নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরি জানান, বন্যায় যাঁদের বাড়িঘর নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। শুধু বাড়িঘর নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করার বিষয়েও প্রশাসনকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জলমগ্ন হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের ক্ষতিপূরণ যাতে সঠিকভাবে পৌঁছয়, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান রমাপ্রসাদ গিরি।

বন্যার পর বহু এলাকায় পানীয় জলের সমস্যাও তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দুর্গত মানুষদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHE)-কে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলা হয়েছে বলে জানান বিধায়ক।

প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আকাশপথে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা দেন। এদিনের বৈঠকে মূলত বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলা, দুর্গতদের দ্রুত সহায়তা, কৃষকদের ক্ষতিপূরণ এবং পরিকাঠামো পুনরুদ্ধারের বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে। বিধায়ক রমাপ্রসাদ গিরির বক্তব্যে স্পষ্ট, বন্যার জল নামার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়াকেই এখন প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now