নিজস্ব প্রতিবেদকঃ বর্ষার জলে এমনিতেই ফুলেফেঁপে রয়েছে কংসাবতী নদী। তার উপর জলস্তর বেড়ে যাওয়ায় নদীর চেহারা আরও ভয়ঙ্কর। আর সেই উত্তাল নদীতেই এবার দেখা মিলল এক বিশালাকৃতির কুমিরের! মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়।
স্থানীয় সূত্রে দাবি, কংসাবতী নদীর জলে প্রায় ১২ থেকে ১৩ ফুট লম্বা একটি কুমির ভেসে বেড়াতে দেখা গিয়েছে। নদীতে কুমিরের উপস্থিতির ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই দৃশ্য সামনে আসতেই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ।
পরিস্থিতির গুরুত্ব বুঝে নড়েচড়ে বসেছে বন দপ্তরও। পাঁশকুড়া বন দপ্তরের তরফে বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আপাতত নদীতে স্নান করতে নামা, মাছ ধরা কিংবা অপ্রয়োজনে নদীর জলে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
বিশেষ করে নদীর পাড়ে বসবাসকারী মানুষ ও মৎস্যজীবীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। শিশুদেরও নদীর ধারে না যেতে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
তবে একদিকে যখন আতঙ্ক, অন্যদিকে তখন কুমির দেখার কৌতূহলও কম নয়। খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেন বহু উৎসুক মানুষ। কেউ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার দূর থেকে এক ঝলক কুমির দেখার অপেক্ষায়।
বন দপ্তরের সতর্কতা সত্ত্বেও এই ভিড় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কোনও দুর্ঘটনা এড়াতে নদীর পাড়ে অযথা ভিড় না করারও আবেদন জানানো হচ্ছে। এখন প্রশ্ন একটাই কংসাবতীর জলে দেখা দেওয়া এই বিশাল কুমিরটি কোথা থেকে এল এবং কতদিন নদীতে অবস্থান করবে? আপাতত সেই দিকেই নজর পাঁশকুড়াবাসীর।











