ঝাড়গ্রাম: ঘাঘরা জলপ্রপাতের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ঝাড়গ্রামে ফের জলে বিপত্তি। বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়ে রাস্তার ধারের একটি পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ হলেন দুই তরুণ। তাঁদের সঙ্গে থাকা তৃতীয় যুবক কোনওক্রমে জল থেকে উঠে আসতে পেরেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার তিন বন্ধু বাইকে করে জারালাটার কাছে ক্যানেলের রাস্তা সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানেই রাস্তার ধারের একটি পুকুরে স্নান করতে নামেন তাঁরা। স্নানের সময় আচমকাই জলের গভীরে তলিয়ে যান দুই যুবক। তাঁদের সঙ্গে থাকা আর এক বন্ধু কোনওরকমে উঠে আসেন পাড়ে।
নিখোঁজ দুই যুবকের নাম কুমারেশ দাস (১৯) এবং সোমরাজ দে (১৯)। কুমারেশের বাড়ি রঘুনাথপুরে। সোমরাজের বাড়ি জামদায়। তাঁর বাবা রাজেশ দে। তাঁদের সঙ্গে থাকা তৃতীয় যুবক কৃষ্ণেন্দু সিনা (১৯) প্রাণে বেঁচে ফিরেছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও খোঁজাখুঁজিতে হাত লাগান। পুকুরের জলে একাধিকবার তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত দুই তরুণের সন্ধান মেলেনি।
মাত্র কিছু সময় আগেই ঘাঘরা জলপ্রপাতে এক পর্যটকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছিল। তার মধ্যেই ফের দুই তরুণের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে ঝাড়গ্রামে। নিখোঁজদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।












