নিজস্ব সংবাদদাতা, সবং: অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার ৫ নম্বর মণ্ডলের সারতা গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল উচ্ছ্বাসের ছবি। রাজ্য সরকারের এই আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন এলাকার মহিলারা।
মহিলাদের হাতে ছিল ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা। মিছিল ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছনোয় সংসারের খরচ সামলাতে কিছুটা স্বস্তি মিলেছে।
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে এবং অর্থ সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সারতার এই ধন্যবাদ মিছিলকে ঘিরে ফের সামনে এল রাজ্যের মহিলা-কেন্দ্রিক আর্থিক প্রকল্প নিয়ে রাজনৈতিক চর্চা। একদিকে টাকা পাওয়া মহিলাদের উচ্ছ্বাস, অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে টাকা না পাওয়া নিয়ে বিক্ষোভ অন্নপূর্ণা যোজনা ঘিরে দুই ধরনের ছবিই এখন প্রকাশ্যে আসছে।











