নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বাজার থেকে পণ্য কিনে প্রতারিত হয়েছেন? কিংবা কোনও পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন? প্রতারণার শিকার হয়ে চুপ করে না থেকে দ্রুত অভিযোগ জানানোর বার্তা নিয়ে পথে নামল প্রশাসন। উপভোক্তা অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে শুরু হল বিশেষ প্রচার অভিযান।
প্যান্ডেলে সেলফি হবে জমজমাট! পুজোর আগে তেমাথানী SEN WATCH CO. & MOBILE-এ নতুন ফোনের হাতছানি
১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ। সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার মেদিনীপুর শহরের কালেক্টরেট অফিস প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক ট্যাবলো যাত্রার সূচনা করা হয়। জেলাশাসকের উপস্থিতিতে উদ্বোধনের পর ট্যাবলোটি জেলার বিভিন্ন বাজার, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে উপভোক্তা অধিকার সংক্রান্ত নানা বার্তা পৌঁছে দেবে।
পণ্য কেনার সময় অনেক ক্ষেত্রেই ক্রেতারা পণ্যের গুণমান, ওজন, নির্ধারিত মূল্য কিংবা মেয়াদ উত্তীর্ণের তারিখ যাচাই করেন না। অনেকের কাছেই বিল বা রসিদ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পায় না। অথচ পরবর্তীতে কোনও অভিযোগ বা প্রতারণার ক্ষেত্রে এই নথিগুলিই গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে। তাই প্রচার অভিযানে পণ্য কেনার সময় বিল বা রসিদ সংগ্রহ, পণ্যের গুণমান ও মেয়াদ যাচাই এবং নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হচ্ছে।
সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে ট্যাবলোর মাধ্যমে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বিলি করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট। সেখানে উপভোক্তার অধিকার, পণ্য ও পরিষেবা গ্রহণের ক্ষেত্রে সতর্কতা এবং প্রতারিত হলে অভিযোগ জানানোর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে।প্রচারের অন্যতম আকর্ষণ জাদু প্রদর্শন। বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় জাদুর মাধ্যমে উপভোক্তা অধিকার সংক্রান্ত বার্তা তুলে ধরা হচ্ছে। বিনোদনের সঙ্গে সচেতনতার এই অভিনব প্রয়াসে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হচ্ছে আগ্রহ।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও পণ্য কিনে কিংবা পরিষেবা গ্রহণ করে প্রতারিত হলে সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানানো যেতে পারে। সেক্ষেত্রে বিল, রসিদ, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য প্রমাণ যত্ন করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। জেলাশাসকও এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, কোনও ক্রেতা যাতে প্রতারণার শিকার না হন এবং প্রতারিত হলেও নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে যথাযথ জায়গায় অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রচার অভিযান। আগামী এক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে সচেতনতামূলক এই ট্যাবলো। প্রশাসনের লক্ষ্য, শুধু একটি সপ্তাহে নয়, আগামী দিনেও সাধারণ মানুষের মধ্যে উপভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা আরও জোরদার করা। বার্তা একটাই পণ্য কেনার সময় সতর্ক থাকুন, বিল-রসিদ নিন, নিজের অধিকার জানুন। আর প্রতারিত হলে নীরব না থেকে অভিযোগ জানান।














