নিজস্ব সংবাদদাতা, সবং: সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘সেবা সেতু অভিযান’। কিন্তু প্রথম দিনেই সবংয়ে সেই শিবিরের ছবি ঘিরে শুরু হল বিতর্ক। অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়ার অভিযোগ তুলে বিধায়ক অমল কুমার পণ্ডাকে ঘিরে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন মহিলারা!
ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বাড়জীবন। সেখানকার সেবা সেতু অভিযান শিবির পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক। আর তাঁকে সামনে পেয়েই যেন জমে থাকা ক্ষোভ উগরে দিলেন একাংশ মহিলা। ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়ককে ঘিরে কথা বলছেন বেশ কয়েক জন মহিলা। কারও প্রশ্ন, “কেন অন্নপূর্ণার টাকা পাব না?” কেউ আবার জানতে চাইছেন, “দু’বার টাকা পাওয়ার পর বন্ধ হয়ে গেল কেন?” কেউ আবার আঙুল তুলে বিধায়কের কাছে কৈফিয়ত চাইতেও দেখা যাচ্ছে।
সরকারি প্রকল্পের সমস্যা মেটাতেই শিবির, অথচ সেখানেই প্রকল্পের টাকা নিয়ে প্রশ্নের মুখে জনপ্রতিনিধি এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে গোটা ঘটনার নেপথ্যে অন্য সমীকরণের অভিযোগ তুলেছেন বিধায়ক অমল কুমার পণ্ডা। তাঁর দাবি, শুক্রবার ওই শিবিরে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত কোনও নির্দিষ্ট কর্মসূচিই ছিল না। বরং তাঁর নিজের দলেরই একাংশ সাধারণ মানুষকে উসকে দিয়ে গোলমাল তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিধায়কের বক্তব্য, “আমাদের দলেরই কিছু লোক সাধারণ মানুষকে উসকিয়ে এই সব গন্ডগোল করাচ্ছে। শুধু আমাদের এলাকায় নয়, প্রায় সব জায়গাতেই এমন হচ্ছে।” ফলে প্রশ্ন আরও বেড়েছে। কারা সেই ‘দলের লোক’, যাঁদের দিকে আঙুল তুলছেন বিধায়ক? কেন তাঁদের বিরুদ্ধে উসকানির অভিযোগ? তাঁদের তরফে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এক দিকে সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ‘সেবা সেতু’, অন্য দিকে সেই শিবিরেই অন্নপূর্ণার টাকা নিয়ে উপভোক্তাদের ক্ষোভ অভিযানের প্রথম দিনেই সবংয়ের বাড়জীবনের এই ছবি এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার কেন্দ্রে।











