নিজস্ব সংবাদদাতা, সবং: টানা দু’দিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা। ৫ নম্বর সাঁতরা, ৮ নম্বর সবং এবং ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের একাধিক নিচু এলাকা কার্যত জলবন্দি হয়ে পড়েছে। কোথাও বাড়ির দোরগোড়ায় জল, আবার কোথাও রাস্তায় জল উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবনও।
পরিস্থিতির খবর পেয়ে শুক্রবার সবংয়ের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস। প্রথমেই বাড়জীবন এলাকা সংলগ্ন কপালেশ্বরী নদীর বাঁধের ধসপ্রবণ অংশ ঘুরে দেখেন তিনি। এরপর ব্লকের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সহ-সভাপতি অমূল্য মাইতি, সবংয়ের বিধায়ক অমল পন্ডা, বিডিও রোমান মন্ডল-সহ সেচ দফতর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
এদিন সেচমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নদীগুলির সংস্কার না হওয়ায় জল নিষ্কাশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি বাঁধের মাটি নরম হয়ে বিভিন্ন জায়গায় ধস নামছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি নদী ও বাঁধের দুর্বল অংশগুলি চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবল বর্ষণের মধ্যে মন্ত্রীর সরেজমিনে পরিদর্শনে কিছুটা আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা।











