চুঁচুড়া: গুরুতর অভিযোগে গ্রেপ্তার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের আইনি জটিলতা আরও বাড়ল। তিন দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হলে ফের জামিনের আবেদন করা হয়। তবে আদালত সেই আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ২৮ আগস্ট তাঁকে ফের আদালতে পেশ করা হবে।
দিল্লি ক্যাপিটালসের এই ২৩ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটারের বিরুদ্ধে এক তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারিণী পেশায় ডাক্তারি পড়ুয়া। গত ২৩ জুন তিনি মগরা থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে অভিষেকের সম্পর্ক ছিল। প্রায় সাড়ে তিন বছর তাঁরা সম্পর্কে ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্পর্ক চলাকালীন দু’জনে বিদেশেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতির অবনতি ঘটার পরই থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
তদন্ত শুরু করে অভিষেকের চন্দননগরের বাড়িতে একাধিকবার যায় পুলিশ। পরে গ্রেপ্তারির প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনায় অভিযোগকারিণী কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হন। আদালতের নির্দেশের পর অভিষেককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ব্ল্যাকমেলের মতো অভিযোগ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারাতেও মামলা করা হয়েছে।
তবে পুলিশের অভিযোগের সঙ্গে একমত নন অভিষেক। শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। তিন দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে এবার আদালতের নির্দেশে জেল হেফাজতে থাকতে হবে ক্রিকেটারকে। আগামী ২৮ আগস্টের শুনানিতে মামলার পরবর্তী গতিপথ স্পষ্ট হতে পারে।











