নারায়ণগড়: দিনের পর দিন চলছিল চোলাই মদের কারবার। অভিযোগ, মদের নেশায় অতিষ্ঠ হয়ে উঠছিল এলাকার একের পর এক পরিবার। অবশেষে সেই বেআইনি কারবারে লাগাম পরাতে মাঠে নামল নারায়ণগড় থানার পুলিশ। সপ্তাহের প্রথম দিন সোমবার দুপুরে কুনারপুর অঞ্চলের জেঠ্যাগেড়্যা এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণ চোলাই মদ। ঘটনায় মেনকা সিং নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, জেঠ্যাগেড়্যা এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে চলছিল অবৈধ চোলাই মদের ব্যবসা। সরকারি নির্দেশ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রমরমিয়ে চলছিল এই কারবার। অভিযোগ, প্রতিদিন চোলাই মদ খেয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তেন অনেকেই। ফলে মদের কারবারকে কেন্দ্র করে একাধিক পরিবারে তৈরি হচ্ছিল অশান্তির পরিবেশ।
এমন অভিযোগ পুলিশের কাছে পৌঁছতেই নড়েচড়ে বসে নারায়ণগড় থানার পুলিশ। সোমবার দুপুরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেঠ্যাগেড়্যা এলাকায় একাধিক অসাধু চোলাই ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি চালানো হয় মেনকা সিং নামে এক মহিলার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ চোলাই মদ।
ঘটনাস্থল থেকে চোলাই মদগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি মেনকা সিংকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মদের পরিমাণ কত, কীভাবে ওই বাড়িতে মদ মজুত করা হয়েছিল এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রচুর বেআইনি চোলাই মদ উদ্ধার হয়েছে। মেনকা সিং নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের অভিযানের পর এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের একাংশের দাবি, শুধু চোলাই মদ উদ্ধার বা একজনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না। এই বেআইনি কারবারের নেপথ্যে থাকা মূল ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা প্রয়োজন। চোলাই মদের বিরুদ্ধে নারায়ণগড় পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় স্বস্তি ফিরলেও, দীর্ঘদিনের এই কারবার পুরোপুরি বন্ধ হয় কি না, এখন সেটাই দেখার।














