নিজস্ব সংবাদদাতা, সবং: টানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের একাধিক এলাকা। কোথাও বাড়ির উঠোনে জল, আবার কোথাও জল ঢুকে পড়েছে বসতবাড়ির আশপাশে। জলবন্দি পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই দুর্যোগের মধ্যেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
জেলা পুলিশের উদ্যোগে এবং সবং থানার ব্যবস্থাপনায় সোমবার সবংয়ের একাধিক জলমগ্ন এলাকায় পৌঁছে বন্যাকবলিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। চাউলকুড়ি অঞ্চলের পরশপুর, সারতা অঞ্চলের লাড়ো, বিষ্ণুপুর অঞ্চলের কূলবেড়ি ও লছমিচক-সহ বিভিন্ন এলাকায় গিয়ে দুর্গত পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা।
এদিন ডেবরা এসডিপিও দেবাশীষ রায়, সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস এবং সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমিতেন্দু বেরা জলমগ্ন এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তাঁরা। এরপর দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
প্রবল বৃষ্টির জেরে সবংয়ের বিভিন্ন নিচু এলাকা এখনও জলমগ্ন। বহু পরিবার কার্যত জলবন্দি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পুলিশের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। আগামী দিনেও জলমগ্ন এলাকাগুলিতে পরিস্থিতির উপর নজর রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।











