নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: বেলা সাড়ে ১১টা নাগাদ খড়্গপুরের রেল এলাকায় গুলি চালানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় গীতাঞ্জলি হলের পিছনের একটি গলিতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন অক্ষয় ঝা নামে এক ছাত্র। তাঁর বুকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
সূত্রে খবর, একটি বাইকে করে দুই যুবক ওই গলি দিয়ে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন সাগর কুমার। পিছনে বসেছিলেন অক্ষয়। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি এসে লাগে অক্ষয়ের বুকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কলকাতায় রেফার করা হয়েছে।
তবে ঘটনাস্থল ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। যে গলিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে, তার পাশের বাড়ির বাসিন্দাদের একাংশের দাবি, তাঁরা গুলির কোনও শব্দ শোনেননি। চিৎকার বা হইচইয়ের শব্দও কানে আসেনি তাঁদের। এমনকি বাড়ির বাইরে গুলি চলেছে এবং একজন আহত হয়েছেন। সেই বিষয়টিও প্রথমে তাঁদের জানা ছিল না বলে দাবি।
এই বক্তব্যের পরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কোথায় গুলি চলেছিল? কারা গুলি চালাল? কেনই বা ওই দুই যুবককে লক্ষ্য করা হয়েছিল? ঘটনাস্থল নিয়ে স্থানীয়দের দাবি এবং আহত যুবকের সঙ্গীর বক্তব্য মিলছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। আহত ছাত্রের সঙ্গী সাগর কুমারের বক্তব্যের পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কী ভাবে এই ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কোনও পুরনো বিবাদ বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।











