নিজস্ব সংবাদদাতা: দিনের আলোয় প্রকাশ্যেই চলছিল অবৈধ চোলাই মদের পাচার। কিন্তু শেষ রক্ষা হল না। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল হাওড়ার লিলুয়া থানার পুলিশ। প্রায় ১২০ লিটার চোলাই মদ-সহ তিন মহিলাকে হাতেনাতে আটক করা হয়েছে। এই ঘটনায় ফের সামনে এল এলাকায় সক্রিয় অবৈধ মদের কারবারের চিত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়া ঝিল রোড এলাকা থেকে ১২টি প্যাকেটে ভরে প্রায় ১২০ লিটার চোলাই মদ লিলুয়ার ভাগাড় এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আগাম তথ্য পেয়ে পুলিশ কৌশলে নজরদারি চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হওয়া সমস্ত চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। এর পিছনে একটি সুসংগঠিত চোলাই মদ পাচার চক্র সক্রিয় থাকতে পারে। ওই মদ কোথা থেকে আনা হচ্ছিল, কার নির্দেশে সরবরাহ করা হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে আটক তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের দাবি, অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। তদন্তকারীদের লক্ষ্য এখন এই কারবারের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। এলাকায় এই অভিযানের পর অবৈধ মদের কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।











