ইন্দ্রজিৎ সাহু: বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার, ৯ আগস্ট, পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ভারত জাকাত মাঝি পারগানা মহল, সবং মুলুকের উদ্যোগে সিধু-কানুর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এদিন তেমাথানি সিধু-কানু স্ট্যাচুর সামনে সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা একত্রিত হন। সিধু-কানুর মূর্তিতে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। আদিবাসী সমাজের অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয় রক্ষার বার্তা উঠে আসে এই কর্মসূচিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর তল্লাট পারানিক মিঠুন মুর্মু, সবং ব্লক পারগানা মহলের সুনীল মুর্মু, তেমাথানি নাগার পারগানা মহলের অর্জুন হেমরম-সহ ভারত জাকাত মাঝি পারগানা মহলের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও সদস্যরা।
সিধু ও কানুর সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও অধিকারকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্বরা। বিশ্ব আদিবাসী দিবসকে ঘিরে তেমাথানির এই কর্মসূচিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।














