নিজস্ব সংবাদদাতা, নারায়ণগড়: বিশ্বকর্মা পুজোর আনন্দের মাঝেই নেমে এল দুশ্চিন্তার ছায়া। বাড়ির পিছনের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩৯ বছরের এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার কাজলা গ্রামে। নিখোঁজ ব্যক্তির নাম তরুণ কোটাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ির পিছনে থাকা একটি পুকুরে স্নান করতে নেমেছিলেন তরুণ। তিনি সাঁতার জানতেন বলেই পরিবারের দাবি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আচমকা তাঁকে আর দেখা যায়নি। পুকুরটি পানায় ভর্তি থাকায় ঠিক কীভাবে তিনি তলিয়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাত পর্যন্ত তরুণের কোনও সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে।
শনিবার সকাল থেকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের WBCEF-এর উদ্ধারকারী দল। পুকুরের বিভিন্ন অংশে খোঁজ চালানো হচ্ছে। তরুণের সন্ধানে উদ্ধার অভিযান ঘিরে পুকুরপাড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
সাঁতার জানা সত্ত্বেও কীভাবে পুকুরে তলিয়ে গেলেন তরুণ, কোনও পানায় বা অন্য কিছুর মধ্যে আটকে পড়েছিলেন কি না তা নিয়েও এলাকায় নানা প্রশ্ন উঠছে। উদ্ধারকারী দলের তল্লাশির দিকে এখন তাকিয়ে পরিবার ও গোটা কাজলা গ্রাম।











