প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

৩২.৫ কিমি সমুদ্রপথ, প্রায় ১৬ ঘণ্টার লড়াই! ইতিহাস গড়লেন মেদিনীপুরের আফরিন

Published on: September 24, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ইংলিশ চ্যানেল ও পাক প্রণালীর পর এবার আরও এক কঠিন সমুদ্রপথ জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি। প্রশান্ত মহাসাগরের বুকে প্রবল ঢেউ, প্রতিকূল স্রোত, গভীর রাতের অন্ধকার এবং জেলিফিশের বাধা অতিক্রম করে তিনি সফলভাবে পেরোলেন ক্যাটলিনা চ্যানেল। দীর্ঘ ৩২.৫ কিলোমিটার জলপথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড।

২২ সেপ্টেম্বর আমেরিকার স্থানীয় সময় রাত প্রায় ১১টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো এলাকা থেকে সাঁতার শুরু করেন আফরিন। শুরু থেকেই তাঁকে লড়াই করতে হয় উত্তাল সমুদ্রের সঙ্গে। কখনও ঢেউ, কখনও বিপরীতমুখী স্রোত তাঁর পথ কঠিন করে তোলে। তার সঙ্গে ছিল রাতের অন্ধকার এবং সামুদ্রিক প্রাণীর উপস্থিতি।

আফরিনের বাবা পিয়ার আলী জানিয়েছেন, ক্যাটলিনা চ্যানেল অতিক্রমের সময় পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিল। সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন ও তিমির উপস্থিতিও নজরে আসে সাপোর্ট টিমের। যদিও সাঁতার কাটার সময় আফরিন নিজে সেগুলি দেখতে পাননি। তবে জেলিফিশের কারণে তাঁকে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হয়। সেই বাধাও তাঁর গতি থামাতে পারেনি।

দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টার লড়াই শেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছন আফরিন। আর সেই মুহূর্তেই আরও একটি আন্তর্জাতিক সাফল্য যুক্ত হয় মেদিনীপুরের এই তরুণী সাঁতারুর ঝুলিতে। এর আগেও কঠিন ওপেন ওয়াটার সাঁতারে নজর কেড়েছেন আফরিন। ২০২৫ সালের ২৯ জুলাই তিনি ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। এরপর ২০২৬ সালের মে মাসে ৭ ঘণ্টা ৫ মিনিটে পাক প্রণালী পেরিয়ে নিজের দক্ষতার পরিচয় দেন।

এবার ক্যাটলিনা চ্যানেল জয় তাঁর সাফল্যের তালিকায় নতুন মাত্রা যোগ করল। মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিনের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর পরিবার, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা। একটির পর একটি কঠিন সমুদ্রপথ জয় করে আফরিন দেখিয়ে দিলেন। লক্ষ্য স্থির থাকলে ঢেউ, স্রোত কিংবা রাতের অন্ধকারও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now