খড়গপুর: একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় রেলশহর খড়গপুরের মানুষ রীতিমতো আতঙ্কিত। আর এই ঘটনাগুলি নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করলেন শহরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত,গ্ৰামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি পুলিশকে পরামর্শ দিয়েছেন এইসব ঘটনা ঠেকাতে আরও তৎপর হওয়ার জন্য। এমনকি জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে চিন্তা ভাবনা করার অনুরোধ করেছেন।
রবিবার সকালে খড়গপুর স্টেশন লাগোয়া বোগদা এলাকায় চা চক্রে যোগদান করে দিলীপ ঘোষ বললেন ” আমি এই ব্যাপারে খড়গপুর টাউন থানার আইসি এবং আরপিএফের ওসির সঙ্গে প্রায় এক মাস আগে কথা বলেছি। শুনছি এই অপরাধ এখনও চলছে। পুলিশ চাইছে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে। কিন্তু পশ্চিমবঙ্গে কটা জায়গায় ক্যামেরা আছে? পুলিশের কাছে গাড়ি রয়েছে। যেসব জায়গায় ঘটনা ঘটছে সেখানে পেট্রলিং করা উচিত।
আমি বলেছি খড়গপুর টাউন আইসি এবং আরপিএফের ওসিকে একসাথে বসতে। সবাই মিলিতভাবে করুন।” তারপরেই তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন ” মানুষ পরিবর্তন করেছেন চোর ডাকাতদের হাতে পড়ার জন্য নয়। দরকার হলে আমি আবার কথা বলব। ” এই প্রসঙ্গে তিনি বলেন ” আমি তো বলব এসপির এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত।” অপরদিকে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন ” আমরা ইতিমধ্যে আরপিএফের সাথে বসেছি। ওদের সাথে যৌথ টিম করে অভিযান করছি। ২/৪ টি সফলতা এসেছে।
এই অভিযান চলবে। আমি বলতে চাই পুজোর আগে খড়গপুরে আর কোনও চুরি, ছিনতাই চলবে না।” এদিকে এইদিন সকাল থেকে মন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দেন। সকালে খড়গপুর মহকুমা প্রশাসনিক ভবন থেকে ইন্দা মোড় পর্যন্ত হর ঘর তিরঙ্গা মিছিলে যোগদান করেন। এছাড়া শহরের ট্রাফিক ময়দানে খড়গপুর নাগার কমিটির উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।














