পশ্চিম মেদিনীপুর: দলীয় কর্মসূচিকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নারায়ণগড় বিধানসভা এলাকার মকরামপুরের কাছে একটি বেসরকারি হোটেলে আয়োজিত ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেন তিনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কর্মীদের দায়িত্ব এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে শিবিরে আলোচনা হওয়ার কথা। সেই কর্মসূচিতেই এদিন যোগ দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকেই মকরামপুর সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলে ছিল ব্যাপক চর্চা। তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে হোটেল চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হোটেলে প্রবেশের রাস্তা থেকে শুরু করে আশপাশের এলাকাতেও মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী। যাতায়াতের উপর রাখা হচ্ছে কড়া নজর।
দলীয় প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে পশ্চিম মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক তৎপরতা যে নতুন করে নজরে এসেছে, তা বলাই বাহুল্য। শিবির থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কী বার্তা দেওয়া হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।














